প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একযোগে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদরাসায় মোট ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দুপুর ২টায় একযোগে ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচিটি প্রথমে সোমবার সকাল ১০টায় আয়োজনের কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিবছর ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে নিজ নিজ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
জাতীয়