১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পুরুষদের ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টের মুখোমুখি হবে ইউরোপের দলটি। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারের দিনে পুরো ম্যাচ বেঞ্চে ছিলেন হালান্ড। তবে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও প্রধান কোচ স্টলে সোলবাকেন এখনো চূড়ান্ত একাদশ ঘোষণা করেননি, তবুও হালান্ডকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ফ্রান্সের বিপক্ষে হালান্ডকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নকআউট পর্বের জন্য তাকে সতেজ রাখতেই।
সোলবাকেন বলেন, সমর্থকরা হালান্ডকে মাঠে দেখতে চান, সেটি তিনি বোঝেন। তবে দলের লক্ষ্য বিশ্বকাপে যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন হালান্ড। গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে দুটি এবং সেনেগালের বিপক্ষেও দুটি গোল করে এখন পর্যন্ত চার গোল করেছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়েও রয়েছেন এই নরওয়েজিয়ান তারকা। বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির চেয়ে তিনি মাত্র দুই গোল পিছিয়ে।
আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের আক্রমণভাগের নেতৃত্বে হালান্ডের উপস্থিতিই হতে পারে ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়ার উপাদান। তার গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দীর্ঘ ২৮ বছর পর নকআউটে ওঠা নরওয়ের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন আরও উজ্জ্বল হতে পারে।