মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপে অভিষেক ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস দিয়ে যে গল্পের শুরু হয়েছিল, দীর্ঘ দেড় দশক পর তার সমাপ্তির বার্তা দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। ভারতের সংবাদমাধ্যম ‘জিওস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ।
২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শুধু ওয়ানডে ও আইপিএল খেলছেন কোহলি। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফিটনেস ও মানসিক ধকলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’
ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। এরপর আরও তিনটি ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন তিনি। ২০২৩ সালের সর্বশেষ বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রান করেছিলেন কোহলি, যা এক আসরে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড।
ক্যারিয়ারের চার বিশ্বকাপের মধ্যে প্রথম ও সর্বশেষ আসরটি ঘরের মাঠে খেলেছেন কোহলি। প্রথমবার চ্যাম্পিয়ন হলেও ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয় ভারত।
৫০ ওভারের বিশ্বকাপকে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন কোহলি। তিনি বলেন, ‘এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’
এ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭ ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি ও ১২টি ফিফটিতে ৫৯ দশমিক ৮৩ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন কোহলি। সামনে তাঁর সুযোগ রয়েছে শচীন টেন্ডুলকারের বিশ্বকাপে সর্বোচ্চ ২ হাজার ২৭৮ রানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। সেই রেকর্ড থেকে তিনি এখন ৪৮৪ রান দূরে।
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজের লক্ষ্য সম্পর্কে কোহলি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার, তা করতে আমি প্রস্তুত।’
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ভারত ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেটে মনোযোগ বাড়িয়েছে। আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত। এ বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। এরপর ২০২৭ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।