খেলা

মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক রোমেরো, জানালেন স্কালোনি

detaillogo
ডেস্ক নিউজ
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২
PostImage

মেসির বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ স্কালোনি


লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় এখনো শেষ হয়নি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো আর্জেন্টিনার আকাশী-নীল জার্সিতে মাঠে নামবেন তিনি। তবে তাঁর বিদায়ের আগেই জাতীয় দলের নতুন অধিনায়কের নাম জানিয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।


এএফএ ট্রেনিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, নতুন অধিনায়ক হবেন ক্রিস্তিয়ান রোমেরো। আর্জেন্টিনা কোচ বলেন, ‘অধিনায়ক হবে কুটি (ক্রিস্তিয়ান রোমেরো)। লিও (মেসি) এবং ওতার (নিকোলাস ওতামেন্দি) পর সে এরই মধ্যে তৃতীয় অধিনায়ক ছিল।’


মেসির পর অধিনায়ক হওয়ার আলোচনায় ছিলেন এমিলিয়ানো মার্তিনেস, রদ্রিগো দি পল ও লাউতারো মার্তিনেসও। আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোলরক্ষক মার্তিনেসের।


রদ্রিগো দি পলও দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে লাউতারো মার্তিনেসও দলের আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। তবে তাদের নাম আলোচনায় থাকলেও রোমেরোকেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন স্কালোনি।


তিনি বলেন, ‘এমিলিয়ানোও (মার্তিনেস) আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো দি পল এখানে দুটি ম্যাচে খেলবে না। সেও অধিনায়ক হতে পারে। লাউতারো মার্তিনেসও আর্মব্যান্ড পরতে পারে। তবে কুটিই সঠিক ব্যক্তি।’ ২০১৮ সাল থেকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা স্কালোনির সঙ্গে মেসির দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে। তাঁর কোচিংয়ে আর্জেন্টিনা গত কয়েক বছরে চারটি বড় শিরোপা জিতেছে।


মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্কালোনি। তিনি বলেন, ‘আমার জন্য তাকে কোচিং করাতে পারা ছিল চূড়ান্ত অভিজ্ঞতা। এটা ছিল স্বপ্নের মতো। আমি তাকে সেটা বলেছি এবং সারা জীবন বলে যাব। তার মতো আর কেউ কখনো আসবে না। এমন একজন খেলোয়াড় খুব কমই আসে। শুধু মাঠে সে যা করে তার জন্য নয়, মাঠের বাইরেও সে যা প্রকাশ করে, তার জন্য। এটা উপভোগ করি।’


আগামী আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।


৬ অক্টোবর একই ভেন্যুতে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলবেন মেসি। তবে আর্জেন্টিনার হয়ে এই তিন ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষেই মাঠে নামবেন তিনি।

গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি এবং সতীর্থদের দিয়ে ৬৮টি গোল করিয়েছেন।

আর্জেন্টিনার হয়ে মেসি জিতেছেন ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা।


মেসির আগে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন নিকোলাস ওতামেন্দি। গত ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দল থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও বিশেষভাবে তাঁকে দলে ডাকা হয়েছে। ফলে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে একই ম্যাচে মেসি ও তাঁর দীর্ঘদিনের সতীর্থ ওতামেন্দি আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।