জাতীয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনছে সরকার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৬, ১২:১১
PostImage

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন


রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার প্রশাসনিক আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক জটিলতা দূর করে একক কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প পরিচালনা এবং নাগরিক সেবা সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধিকাংশ অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অবশিষ্ট অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তবে প্রকল্পটির পরিকল্পনা ও সেবাসংক্রান্ত কার্যক্রম মূলত ঢাকা মহানগরকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা প্রদানে নানা জটিলতা দেখা দিচ্ছিল।


এসব সমস্যা সমাধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশকে ঢাকা জেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেয়, যা নিকার সভায় অনুমোদিত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত হবে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবাসংক্রান্ত কার্যক্রম একক প্রশাসনিক কাঠামোর আওতায় পরিচালনা করা সহজ হবে।

এদিকে একই বৈঠকে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও নামে তিনটি নতুন উপজেলা গঠনের পাশাপাশি চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন