জাতীয়

ভারতে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে গেল ১,১০০ কেজি আম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৬, ১৩:৩৩
PostImage

আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম পাঠানো হয়েছে।


বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মোট ১ হাজার ১০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর হয়ে পাঠানো এসব আম ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।


জানা গেছে, উপহার হিসেবে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।


এসব আমের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

আরও পড়ুন