খেলা

মদরিচকে নিয়ে আবেগঘন বার্তা রোনালদোর, ‘তিনি ফুটবলের কিংবদন্তি’

detaillogo
ডেস্ক নিউজ
০৩ জুলাই ২০২৬, ০৫:১৬
PostImage

টরন্টোর নাটকীয় এক রাতে ২-১ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল।


টরন্টোর নাটকীয় এক রাতে ২-১ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে জয় পেলেও ম্যাচটি পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ছিল আবেগঘন। কারণ, এই ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায় নিলেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদরিচ।


ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার জয়ের পর রোনালদো মদরিচকে নিয়ে আবেগপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “মদরিচ ফুটবলের একজন কিংবদন্তি। রিয়াল মাদ্রিদে আমরা অনেক বছর একসঙ্গে খেলেছি। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি আশা করি, তিনি আরও কিছুদিন ফুটবল খেলে যাবেন।” রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই দুই তারকা এবার বিশ্বকাপের নকআউটে ছিলেন একে অপরের প্রতিপক্ষ। একজনের বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ায় ম্যাচটি আরও আবেগময় হয়ে ওঠে।


ব্যক্তিগতভাবেও ম্যাচটি ছিল রোনালদোর জন্য বিশেষ। বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘ অপেক্ষার পর নিজের প্রথম গোলের দেখা পান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ১-১ সমতায় ফেরান তিনি। এর আগে ৫৩তম মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরে রোনালদোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও পেনাল্টি থেকে তিনি সমতা ফেরান। ম্যাচের যোগ করা সময়ে গনসালো রামোসের হেডে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পর্তুগাল। শেষ মুহূর্তে ইয়োশকো গভার্দিওলের গোল অফসাইডে বাতিল হওয়ায় স্বস্তির জয় পায় পর্তুগিজরা।


ম্যাচ শেষে রোনালদো বলেন, নকআউট পর্বের ম্যাচ সবসময়ই কঠিন হয়। ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছিল, তবে দল চাপ সামলে জয় তুলে নিতে পেরেছে। ম্যাচের শেষ দিকে কোচ রবার্তো মার্তিনেস তাকে তুলে নিলেও বেঞ্চে বসে শেষ মুহূর্তের নাটকীয়তা উৎকণ্ঠার সঙ্গেই দেখেছেন রোনালদো। নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নয়; আপাতত তার পুরো মনোযোগ পর্তুগালের বিশ্বকাপ অভিযান।


শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। সেই ম্যাচকে সামনে রেখে রোনালদো বলেন, দলের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধার। এদিকে ম্যাচটি ছিল পর্তুগালের জন্য আরও আবেগের। প্রয়াত সতীর্থ দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে মাঠে নামে দলটি। ম্যাচ শেষে রোনালদো জোতার ২১ নম্বর জার্সি পরে সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই জয় জোতা ও পর্তুগালের উদ্দেশে উৎসর্গ করেন।