দেশের সরকারি অফিসগুলোর শূন্য পদ দ্রুত পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে অনুমোদিত পদের বিপরীতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংসদে উপস্থাপিত তথ্যে প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
তিনি জানান, সরকারের বিশেষ কর্মপরিকল্পনার আওতায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং নিয়োগের চাহিদাপত্র (রিকুইজিশন) পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদ পূরণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে বলেও জাতীয় সংসদকে অবহিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।