জাতীয়

দেশে বিচারাধীন মামলা ৪৬ লাখ ছাড়াল, এক বছরে নিষ্পত্তি ৩ লাখ ৩৮ হাজারের বেশি: আইনমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৬, ১২:৩৯
PostImage

দেশের আদালতগুলোতে বর্তমানে মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে।


দেশের আদালতগুলোতে বর্তমানে মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি দেওয়ানি এবং ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি ফৌজদারি মামলা। গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে মোট ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা নিষ্পত্তি হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী জানান, গত ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩৮ হাজার ৭১৩টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ২১ হাজার ৬৫২টি দেওয়ানি এবং ১৭ হাজার ৬১টি ফৌজদারি মামলা। একই সময়ে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৫ লাখ ২২ হাজার ৩৩১টি, যার মধ্যে ১ লাখ ১ হাজার ১৬৮টি দেওয়ানি এবং ৪ লাখ ২১ হাজার ১৬৩টি ফৌজদারি মামলা।


তিনি জানান, ২০২৫ সালে আপিল বিভাগে ৭ হাজার ৫৫৩টি এবং হাইকোর্ট বিভাগে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ উচ্চ আদালতে এক বছরে মোট ৬৩ হাজার ৩০৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আইনমন্ত্রী আরও জানান, গত ৩১ মার্চ পর্যন্ত দেশের অধস্তন আদালতগুলোতে ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি দেওয়ানি এবং ২৩ লাখ ৮৭ হাজার ৯৮৯টি ফৌজদারি মামলা। গত এক বছরে অধস্তন আদালতে ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৭৩টি দেওয়ানি এবং ২ লাখ ২৬ হাজার ১১টি ফৌজদারি মামলা।


চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের অধস্তন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলার মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ৪১৪টি মামলা পাঁচ বছরেরও বেশি পুরোনো।  ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশের ২০টি জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু রয়েছে। এর ফলে ওই জেলাগুলোতে নিয়মিত মামলা দায়েরের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ কমেছে। এই উদ্যোগ সফল হওয়ায় পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের সব জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যকর করা হবে।


এ ছাড়া জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, গত ৩১ মার্চ পর্যন্ত দেশের আদালতগুলোতে ৩ হাজার ৬২৫টি অর্থঋণ মামলা বিচারাধীন রয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ ৫ জন এবং হাইকোর্ট বিভাগে ১০১ জন বিচারপতি কর্মরত রয়েছেন। এছাড়া অধস্তন আদালতে ২ হাজার ৬২০টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত বিচারকের সংখ্যা ১ হাজার ৯৬৪ জন।

আরও পড়ুন