জাতীয়

মানসম্মত চিকিৎসা শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৬, ১২:৪৬
PostImage

সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার ওপর নির্ভরশীল।


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি জাতির অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না; বরং সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার ওপর নির্ভরশীল। আর সেই ভিত্তি নির্মাণে মানসম্মত চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং আধুনিক স্বাস্থ্যসেবার ভূমিকা অপরিসীম।


মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কলেজটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গড়ে উঠেছে। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি অসংখ্য দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক চিকিৎসক তৈরি করেছে, যারা দেশ-বিদেশে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও সেবার মাধ্যমে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রেখেছেন।


তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান, জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

বর্তমান বিশ্বে চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যসেবায় দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সরকার স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


তিনি আশা প্রকাশ করেন, ঢাকা মেডিকেল কলেজ তার গৌরবময় ঐতিহ্য ধারণ করে ভবিষ্যতেও বিশ্বমানের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যনেতৃত্ব তৈরি করবে এবং দেশের স্বাস্থ্য গবেষণা ও চিকিৎসা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।

শুভেচ্ছা বার্তার শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ-বিদেশে কর্মরত ঢাকা মেডিকেল কলেজ পরিবারের শিক্ষক, চিকিৎসক ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা এবং জাতীয় দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের সেবায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন