মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার জারি করা এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, অর্থ লেনদেন কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় যুক্ত হলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো ধরনের মেডিকেল পরীক্ষা করানো বা এ-সংক্রান্ত অর্থ পরিশোধ থেকেও বিরত থাকতে হবে।
রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিও কঠোর নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় জানায়, সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না। এছাড়া কোনো কর্মীর পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা করানো বা কোনো ধরনের অর্থ গ্রহণও করা যাবে না। মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মসংস্থান সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে দেশের ভেতর থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করা যাবে। এছাড়া মালয়েশিয়া-সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তার সঙ্গেও সরাসরি যোগাযোগ করে তথ্য নেওয়ার সুযোগ রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও নির্দেশনা জারি করলেই তা গণমাধ্যম ও সরকারি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত গুজব বা অননুমোদিত তথ্যের ভিত্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।