জাতীয়

১৭৯ উপসচিবের যুগ্মসচিব পদে পদোন্নতি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৬, ১৪:১১
PostImage

১৭৯ উপসচিবের যুগ্মসচিব পদে পদোন্নতি, প্রশাসনে বিএনপি সরকারের প্রথম বড় পদক্ষেপ


সরকার প্রশাসনের ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে এটিই প্রথম বড় আকারের পদোন্নতি।


বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়ন সংক্রান্ত আদেশ এখনো জারি হয়নি।

এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত সরকারি ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন। এছাড়া, প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরবর্তীকালে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সরকার সংরক্ষণ করবে।

একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আরও ৭ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে একদিনে মোট ১৭৯ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে উন্নীত হয়েছেন। এই পদোন্নতির পর প্রশাসনে যুগ্মসচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জন।


জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির ক্ষেত্রে মূলত ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বে পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।

‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে। বিধিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা উপসচিব হিসেবে কমপক্ষে পাঁচ বছর চাকরি এবং সংশ্লিষ্ট ক্যাডারে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা উপসচিব হিসেবে কমপক্ষে তিন বছরসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা অর্জন করলে যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

আরও পড়ুন