শিক্ষা

বন্যা-জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চলার কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ১৭:২৬
PostImage

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হলেও অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষাকেন্দ্রগুলো পরীক্ষা নেওয়ার উপযোগী রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।


টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন চলমান রাখা হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির দাবি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হলেও অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষাকেন্দ্রগুলো পরীক্ষা নেওয়ার উপযোগী রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

এতে আরও বলা হয়, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তারা পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ১২ লাখের বেশি পরীক্ষার্থীর শিক্ষা কার্যক্রম, ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়।

তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন