জাতীয়

শুধু সংসদে নয়, আমার সরকারি ঘরেও ছাদ চুইয়ে পানি পড়ে: ডেপুটি স্পিকার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ১৭:২৯
PostImage

সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি পড়ায় ক্ষোভ, নিজের বাসভবনের দুরবস্থার কথাও জানালেন ডেপুটি স্পিকার


জাতীয় সংসদ ভবনের মসজিদ ও বিভিন্ন কক্ষের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় ঘটনার সত্যতা স্বীকার করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, তার সরকারি বাসভবনেও একই সমস্যা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন হুইপ জি কে গউছ। তিনি বলেন, গত ১৭ বছর ধরে জাতীয় সংসদে নানা ধরনের কার্যক্রম হলেও অত্যন্ত দুঃখজনকভাবে সংসদ ভবনের মসজিদের ছাদ ফেটে বৃষ্টির পানি ভেতরে পড়ছে। ফলে পানি আটকাতে মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে। যেখানে সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে, সেখানে জাতীয় সংসদের মসজিদের এমন অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি দ্রুত ছাদ মেরামত করে পানি পড়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ ভবনের ছাদ দিয়ে পানি পড়ার বিষয়টি তিনিও জানেন। তিনি রসিকতার ছলে বলেন, সংসদ ভবনের সরকারি বাসভবনে তার নিজের কক্ষেও বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে। সেই পানি আটকাতে তাকেও মেঝেতে বাটি রাখতে হয়। তার এ মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে।

পরে চিফ হুইপ জানান, বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভবনের যেসব স্থানে পানি পড়ছে, সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীও বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সংসদ ভবনের ছাদ সংস্কারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

আরও পড়ুন