বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল থাকায় সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে, এটি আমাদের প্রত্যাশা। বন্যা-বৃষ্টির কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, প্রশাসনের কোনো ভুল সিদ্ধান্তে যদি কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুলের বিষয়ে মন্ত্রী বলেন, ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। একই সময় দেশের বিভিন্ন জেলায়ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল এবং অভিন্ন প্রশ্নপত্র আগের বছরের তুলনায় বেশি কঠিন হয়েছে।
রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা পলাশী মোড় হয়ে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী শিক্ষা বোর্ডের প্রধান ফটকে ইট নিক্ষেপ ও ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।