জাতীয়

দেশকে আরও সবুজ করতে বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ১১:০০
PostImage

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বিশেষ করে শিশুদের উদ্দেশে বলেন, প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছটি স্কুলে, বাড়ির আঙিনায় কিংবা আশপাশের যেকোনো উপযুক্ত স্থানে রোপণ করা যেতে পারে।


প্রধানমন্ত্রী আরও বলেন, একটি গাছ কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের জীবনে কী ধরনের উপকারে আসে, সে বিষয়ে শিশুদের ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করা উচিত। এতে পরিবেশ সম্পর্কে তাদের জ্ঞান ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে শিক্ষার্থীরা তার ছায়ায় বিশ্রাম নিতে পারবে। একইভাবে বাড়িতে গাছ লাগালে তা পরিবেশকে শীতল রাখার পাশাপাশি নির্মল বাতাস নিশ্চিত করবে।


আজকের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন