সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং ভারত সরকার তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বারবার বললেও সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরিয়ে আনতে চায়। তিনি যেহেতু ইতোমধ্যে আদালতে সাজাপ্রাপ্ত হয়েছেন, তাই দেশে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত হওয়ার পর আদালতে আত্মসমর্পণের সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে আইন বিশেষজ্ঞরা মত দেবেন।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে বিব্রত করতে একটি মহল বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল। এসব আন্দোলনে অনেক অছাত্রও অংশ নিয়েছিল বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এখন পর্যন্ত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।