জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর সৌদি আরবের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১৭:১৮
PostImage

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তির ঘোষণা সৌদি আরবের


প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এ ঘোষণা দেন।


বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী সৌদি আরব। তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি বরাদ্দের সিদ্ধান্ত ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরবের সম্ভাব্য সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।


এছাড়া সৌদি আরবে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, শ্রমবাজারে প্রবেশাধিকার সহজ করা এবং নিয়োগ প্রক্রিয়ার বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। তারা সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশে পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও বড় অবদান রাখছেন


উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে সৌদি প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি আল সুহাইমিও উপস্থিত ছিলেন।