জাতীয়

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ১৫:৪৫
PostImage

আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ প্রকল্প চালু করবে সরকার।


প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। এ কার্ডের মাধ্যমে দেশে-বিদেশে বিভিন্ন আর্থিক, স্বাস্থ্য, ভ্রমণ ও সরকারি সেবায় বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা।

শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড–সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা এবং বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার নিশ্চিত করা হবে।

প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে বিমানবন্দরের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথ, মিট অ্যান্ড গ্রিট সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, গাড়ি বুকিং সুবিধা এবং এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সুবিধা পাবেন। এ ছাড়া সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়ে ছাড়, কার্ডধারীর মৃত্যুর ক্ষেত্রে বিনা খরচে মরদেহ দেশে আনা, পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

কার্ডের মাধ্যমে রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং সরাসরি অর্থ লেনদেনের সুযোগও থাকবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকার এবং ব্যাংক ও সরকারের অন্যান্য বিশেষ সুবিধাও পাওয়া যাবে।

শাহাদাৎ স্বাধীন জানান, আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড বিতরণ শুরু হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের সব কার্যক্রম পরিচালিত হবে। সভায় প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে প্রবাসী কার্ডের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও ড. মাহদী আমিন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।