২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র বর্তমানে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
তদন্ত প্রতিবেদনে মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন পুলিশ প্রধান, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার। এছাড়া একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবিরসহ কয়েকজন গণমাধ্যমকর্মী ও বুদ্ধিজীবীকেও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের কাজ এখনও চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।