বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। তবে সেই আক্ষেপ ভুলে ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে শুরু করেছে আলবিসেলেস্তেরা। সামনে রয়েছে কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ, ২০৩০ বিশ্বকাপের নতুন চক্র, ২০২৮ কোপা আমেরিকা এবং মেসি-পরবর্তী দল গঠনের বড় চ্যালেঞ্জ।
সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন প্রধান কোচ লিওনেল স্কালোনিকে ঘিরে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে তার বর্তমান চুক্তির মেয়াদ। এরপর তিনি দায়িত্বে থাকবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন নিজেই। তাই বিশ্বকাপ-পরবর্তী সময়ে আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে বড় অপেক্ষা এখন স্কালোনির সিদ্ধান্ত। ২০২৬ বিশ্বকাপ শেষে নতুন আন্তর্জাতিক সূচিও প্রকাশ করেছে ফিফা। নতুন চক্রের প্রথম আন্তর্জাতিক উইন্ডো অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এ সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ৯ থেকে ১৭ নভেম্বরের উইন্ডোতেও আরও দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দলটি।
বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসরের উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। আয়োজক দেশের মর্যাদায় এই তিন দল সরাসরি বিশ্বকাপে অংশ নিলেও দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে খেলবে। এদিকে কনমেবল ও উয়েফার যৌথ উদ্যোগে নেশনস লিগের আদলে নতুন একটি আন্তঃমহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি রবার্ট হ্যারিসন। যদিও কনমেবলের বিশ্বকাপ বাছাইপর্বের আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষণা করা হয়নি, তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের মার্চে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শুরু হতে পারে। আগের মতোই লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
এরপর আর্জেন্টিনার লক্ষ্য থাকবে ২০২৮ সালের কোপা আমেরিকা। তবে আসরটি কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট আয়োজনের আলোচনা চলছে। সেটি হলে ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিওনেল মেসিকে ছাড়া কোপা আমেরিকা খেলতে পারে আর্জেন্টিনা।
অন্যদিকে অনিশ্চয়তায় রয়েছে ফিনালিসিমার ভবিষ্যৎও। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যকার এই ম্যাচটি চলতি বছর কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়। পরবর্তীতে নতুন ভেন্যু ও সূচি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় ম্যাচটি এখনও অনিশ্চিত। এখন ফুটবলপ্রেমীদের বড় প্রশ্ন—২০২৮ সালে নতুন মহাদেশীয় চ্যাম্পিয়ন নির্ধারণের আগে আদৌ আরেকটি ফিনালিসিমা মাঠে গড়াবে কি না।
খেলা