জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ১৩:১২
PostImage

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের।গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ পাওয়ায় তিনি সফর সংক্ষিপ্ত করেছেন বলে সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, "সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত ফিরতে অনুরোধ করা হয়েছে। গতকাল থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আশা করছি, বিষয়টি শুক্রবারই পরিষ্কার হবে।"


বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।


বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চললেও বিষয়টি নিশ্চিত হতে সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে।