দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ১১ সদস্যবিশিষ্ট এই জোটের সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কয়েকটি দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সুযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় সদস্য না হলেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “আমন্ত্রণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।” এদিকে, ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক—এটাই চায়।
তিনি আরও বলেন, “আমরা আশা করি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত তাদের জনগণের উদ্বেগ ও দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে।” উল্লেখ্য, ব্রিকসের সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।