জাতীয়

৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল ঘোষণা করবে ইসি: মাছউদ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৬, ১৬:১৮
PostImage

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক।

তিনি বলেন, “আজ (২৪ জুলাই) রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। ইনশাআল্লাহ, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী নির্ধারিত ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।”

বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্যই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।আব্দুর রহমানেল মাছউদ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে যদি একমাত্র একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে।