জাতীয়

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬, ০৬:০৮
PostImage

সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী


সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।


শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তিনি পদত্যাগ করেন।


সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এদিকে সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই নির্বাচন আগামী সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনেই অনুষ্ঠিত হবে।