জাতীয়

উত্তর ও দক্ষিণাঞ্চলকে কৃষি ও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: মির্জা ফখরুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ১৪:৪৩
PostImage

দেশের প্রায় ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।


দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে কৃষিভিত্তিক উৎপাদন ও শিল্প বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে কৃষিতে উদ্বৃত্ত উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও রয়েছে। এছাড়া দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে কৃষি উৎপাদন এবং শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।


তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের যে সুযোগ এসেছে এই সুযোগ যেন অন্ধকারের দিকে না যায়, এটাকে আলোর দিকে নিতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের পরিবর্তিত টেকনোলজি এবং নতুন নতুন চিন্তাভাবনাকে রপ্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১৬ এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল বাশার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ডিন এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি ড. মো. আব্দুল লতিফের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামে সমাপ্তি ঘোষণা করা হয়।