জাতীয়

জনগণই ক্ষমতার উৎস, আমরা কেবল সেবক: তথ্যমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ১৪:১২
PostImage

নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেবাদানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।


তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার একমাত্র উৎস। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেবাদানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষক দল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “মাটির ওপরে দাঁড়িয়ে ক্ষমতা দেখানোর একমাত্র এখতিয়ার জনগণের। ক্ষমতার উৎস জনগণ, আমরা কেবল তাদের সেবক। তাই জনগণকে যথাযথ সেবা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।”


ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। এছাড়া উপজেলা ও জেলা বিএনপি এবং কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


একই দিনে তথ্যমন্ত্রী গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।


অনুষ্ঠান শেষে তিনি কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম। মেলাটি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। পরবর্তীতে দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এডিপি (২০২৬)-এর অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ করেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।


সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়তে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণ জরুরি। বর্তমান প্রজন্মকে প্রযুক্তির পাশাপাশি মাঠমুখী হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস এবং বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম।