জাতীয়

শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

detaillogo
ডেস্ক নিউজ
২৯ জুলাই ২০২৬, ১৩:৫৯
PostImage

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায়


শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে একই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকী। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি বলেন, যদি এর আগে গ্রেপ্তার না হতেন, তবে আগামী সপ্তাহের রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতেন। লতিফ সিদ্দিকী বলেন, বুধবার সকালে তিনি জানতে পারেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি বলেন, আদালতে হাজির না হলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠতে পারত। তবে তিনি কখনো আত্মগোপনে যান না বলেও দাবি করেন। শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সাবেক এই মন্ত্রী বলেন, সে সময় তিনি মন্ত্রী থাকলেও ওই ঘটনার বিষয়ে তার কোনো জ্ঞান বা সংশ্লিষ্টতা ছিল না।


উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হন। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আসামি করা হয়। কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পেলেও মামলাটির বিচারিক কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন।