জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৬, ১৬:৩২
PostImage

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে।


রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছে।


বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।