জাতীয়

বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী সৌদি আরব

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ আগস্ট ২০২৬, ১৪:০৮
PostImage

দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।


বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে দেশটি।


মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বাংলাদেশে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি সৌদি আরব আস্থা প্রকাশ করেছে এবং দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে এ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।


তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী। এসব বিষয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সৌদি আরবে শিগগিরই একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। পাশাপাশি চলতি বছরের মধ্যেই বাংলাদেশে রাজনৈতিক পরামর্শ সভা (পলিটিক্যাল কনসালটেশন) এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।


তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স এরইমধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রীর সৌদি সফর নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সেটা তো আগ্রহ আছে যাওয়ার। একটা সুবিধাজনক সময়ে দুই দেশের আলোচনার ভীত্তিতে সফর হবে।


সৌদি আরবে রোহিঙ্গা নাগরিকরা থাকেন। তাদের একটা পাসপোর্টের ইস্যু আছে। সেই ইস্যুটা আলোচনায় এসেছে কিনা-জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সেই সমস্যাগুলো আমাদের জেদ্দা ও রিয়াদের বাংলাদেশের মিশন এরইমধ্যে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করছে।


তিনি বলেন, ওনারা বারবারই একই কথা বলেছেন যে, আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব কাজ করতে চাই। সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্যই ওনারা এসেছেন।