জাতীয়

শুক্রবারও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৬, ১৫:০৩
PostImage

এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার।


দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক করে নতুন করে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

শুক্রবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার। এতে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সম্বলিত একটি কার্গোর মোট ব্যয় হবে প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার।


সভা সূত্র জানায়, ২০২৬ সালের ১১ ও ১২ আগস্ট ডেলিভারির জন্য জিটুজি কাঠামোর আওতায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। একটি কার্গোতে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকে। নির্ধারিত দামে এই কার্গোর জন্য মোট ব্যয় হবে প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার।


জানা গেছে- দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প এবং সার কারখানায় গ্যাসের চাহিদা ক্রমাগত বাড়ছে। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কমে যাওয়ায় এলএনজি আমদানির ওপর নির্ভরশীলতা বেড়েছে। ফলে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তি— দুই উৎস থেকেই এলএনজি সংগ্রহ করছে সরকার।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম এখনও অস্থির। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক চাহিদা এবং মৌসুমি প্রভাবের কারণে দামের ওঠানামা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সময়মতো কার্গো সংগ্রহে ক্রয় কমিটির দ্রুত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।