জাতীয়

হেফাজতকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট ২০২৬, ১৪:২০
PostImage

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।


নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় যেভাবে হেফাজতে ইসলাম বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, “বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে। আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি।”


তিনি বলেন, বিগত নির্বাচনে হেফাজত ও বিএনপি একসঙ্গে কাজ করেছে। এর মাধ্যমে দেশকে বিপদ থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। তবে দেশের সব সমস্যা এখনো শেষ হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশে ব্যাপক অর্থ লুটপাট হয়েছে। নির্বাচনের পরও সরকার বিভিন্ন সমস্যা দেখতে পেয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। ফটিকছড়ির বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এখানে হাসপাতালের সমস্যা রয়েছে, শিক্ষার সমস্যা রয়েছে। স্কুল-কলেজ ও কর্মসংস্থানের দাবি আছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধানে আমরা কাজ করব।


গ্যাস সংকটের প্রসঙ্গে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের সময় দেশে নিজেদের গ্যাস আছে কিনা, সেটি খুঁজে বের করার চেষ্টা করা হয়নি। এমন হয়েছে, অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে গেছে। বিদেশিদের হাতে গ্যাস দিয়ে দেওয়া হয়েছে। এর আগে বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। পরে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান তিনি।