জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫

detaillogo
ডেস্ক নিউজ
০৯ আগস্ট ২০২৬, ১৪:২৪
PostImage

এই ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।


দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। ৩১ জুলাই পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।


তিনি বলেন, এই ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিলে বর্তমান তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে ব্যবহার করা হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনসংক্রান্ত আচরণবিধি রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


তিনি বলেন, আইন সংশোধনের বিষয়টা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটি প্রক্রিয়াধীন আছে, এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেব।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, আজ (রোববার) থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধিদল আজ সকালে মনোনয়নপত্র নিয়ে গেছেন। এখনো পর্যন্ত আর কেউ, কোনো দল বা কোনো প্রার্থী এসে মনোনয়নপত্র নেয়নি। শুধুমাত্র বিএনপি দুটি ফরম নিয়েছে।