জাতীয়

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে: তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬, ০৭:০৯
PostImage

বিদেশে না গিয়ে দেশেই উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরির কথা বলেছেন তিনি।


অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশে না গিয়ে দেশেই উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরির কথা বলেছেন তিনি। শনিবার (১৫ আগস্ট) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে আর বঞ্চিত হবে না। যাতে বিদেশে যেতে না হয়, এমন একটি চিকিৎসাব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই।’ তিনি জানান, আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে।


এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়ায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা বাড়ানো হলো।