জাতীয়

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬, ১৬:০০
PostImage

তিনি আশা প্রকাশ করে বলেছেন, সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে গ্যাস-সংকটের সমাধান হবে


দেশে চলমান লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করে বলেছেন, সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে গ্যাস-সংকটের সমাধান হবে এবং এর ফলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।


শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দোয়া-মোনাজাত ও দরিদ্রদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার গ্যাস-সংকট সমাধানে কাজ করছে। দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে। তবে এসব কার্যক্রম বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন।


বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, “পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।”

বিরোধী দলকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে সেই রকম পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।’


তারেক রহমান বলেন, ‘ঢাকা-১৭ আসনে আমাদের প্রতিনিধিরা জনগণের সেবায় কাজ করছেন। পাশের লেকটি পরিষ্কার করতে ছয় মাস সময় লাগে। এসব সহজ কাজ না। কিন্তু সমালোচনা করা সহজ। তাই যারা সমালোচনায় ব্যস্ত আছেন, তারা এখনই মাঠে নামুন। মানুষ এবং দেশের জন্য কাজ করুন, সঠিক কথা বলুন। দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এমন কথা বলা থেকে বিরত থাকুন।’


প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের সঙ্গে যুদ্ধ করে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে টিকে আছেন। যারা আজ বড় গলায় কথা বলছে এবং মিথ্যাচার করছে, গত ১৭ বছর মানুষ তাদের রাজপথে দেখতে পায়নি। দেশের বড় পত্রিকাগুলোর পাতায় চোখ বুলালেই দেখা যাবে, কিভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, গুম, হত্যাসহ পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল।’


তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতারা ৭১ সালে ভুল করেছে, ৮৬ সালে ভুল করেছে, ৯৬ সালে ভুল করেছে, আবার ২০২৬ সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের বলব, এসব উসকানির রাজনীতি থেকে বেরিয়ে আসুন। মানুষের উপকারের পরিকল্পনা থাকলে সংসদে উপস্থাপন করুন। জনগণের সামনে তুলে ধরুন। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব।’

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।