জাতীয়

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬, ১৩:৫০
PostImage

নির্ধারিত সময়ে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন ইসি


দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২০ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যালট হবে সাদা-কালো

ইসি সচিব জানান, ভোটগ্রহণের দিন নির্বাচনী কর্মকর্তা উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ নকশার ব্যালট পেপার অনুমোদন করা হয়েছে। ব্যালট হবে সাদা কাগজে কালো প্রিন্টের।

ভোটগ্রহণ শেষে জাতীয় সংসদ কক্ষেই বৈধ ও অবৈধ ভোট গণনা করা হবে। এরপর প্রাথমিক ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি। এবার রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য রয়েছে।

প্রতিদ্বন্দ্বিতায় মির্জা ফখরুল ও অলি আহমদ
আখতার আহমেদ জানান, বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ—কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি।

ফলে একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য, ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণ শেষে বৈধ ও অবৈধ ভোট গণনা করে জাতীয় সংসদ কক্ষেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা। দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই ভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।