জাতীয়

চলতি মাসের শেষদিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬, ১৪:১৮
PostImage

‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী


চলতি আগস্ট মাসের শেষদিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


নুরুল হক নুর জানান, এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন। পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও কার্ডটি বিশেষ সুবিধা দেবে।

তিনি বলেন, প্রবাসীরা দেশে ফিরে বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হন। এসব সমস্যা কমাতেই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কার্ডধারী প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থাও থাকবে।


তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের বিভিন্ন সমস্যা ও দেশে ফিরে সেবা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, তা কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।


আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।


সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।