প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র মেরামতের রূপরেখা ও সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কোনো কাজ স্থবির হয়ে থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, ‘সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ জায়গা থেকে কথা বলতে পারে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সুখী, সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।’
ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের সঙ্গে যত বেশি যোগাযোগ হবে, ভুল-বোঝাবুঝি থাকলে তা তত সহজে নিরসন করা সম্ভব হবে। তিনি জানান, ইসলাম ধর্মের ওলামায়ে কেরামদের পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ করবেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব।’ বিভিন্ন মতের ওলামায়ে কেরাম, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করাও তার দায়িত্বের অংশ বলে উল্লেখ করেন তিনি।