প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সুনামগঞ্জসহ এ অঞ্চলের মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। তবে শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের প্রশিক্ষণ ও ভাষাদক্ষতা নিশ্চিত করতে হবে। এ জন্য সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান তিনি। এসব কেন্দ্রে শিক্ষক ও শিক্ষার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বিদেশগামীদের ভাষাদক্ষতা বাড়াতে ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরীয় ভাষা শিখতে হবে। প্রশিক্ষণ গ্রহণের পর বৈধপথে বিদেশ যেতে হবে।
মন্ত্রী ভূমধ্যসাগরে নিহত অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামিদের এবং এর সঙ্গে জড়িত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন। একই সঙ্গে দালালচক্রের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে সাগরপথে বিদেশে যাওয়া প্রতিরোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেন তিনি। মন্দির, মসজিদসহ বিভিন্ন স্থানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানোরও আহ্বান জানান।
মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, যে ৯ জন সাগরে মারা গেলেন, পাশাপাশি আরও যারা মারা গেছেন—তারা কোথা থেকে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, এর সঙ্গে জড়িত চক্রটি কারা- এসব তথ্যসহ সবকিছু আমাদের মন্ত্রণালয়ে পাঠাবেন। শুধু তথ্য দিলেই হবে না, তারা প্রবাসে থাকলেও তাদের তথ্য-উপাত্ত আমাদের দিতে হবে। আমরা ওইসব দেশের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সেখান থেকে ধরে নিয়ে আসব।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন প্রমুখ।
এর আগে আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় জেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন।