সারাদেশে চলতি অর্থবছরের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের পরিবর্তে আগামী নভেম্বরে শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এই নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ইসি জানিয়েছিল, অক্টোবরের শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের কারণে স্থানীয় নির্বাচন এক মাস পিছিয়ে নভেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ—এই সময়কে নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে আগামী নভেম্বর থেকে স্থানীয় নির্বাচন শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন।
তিনি বলেন, অক্টোবরের শেষ দিকে আরেকটি ভোট অনুষ্ঠিত হওয়ার কারণে স্থানীয় নির্বাচন এক মাস পিছিয়ে নভেম্বরে নেওয়া হচ্ছে। তবে নভেম্বরের প্রথম দিনেই নির্বাচন শুরু হবে—এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে পৌরসভা নির্বাচনও হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তপশিল ও ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে বলেও জানান তিনি।