জাতীয়

ছয় মাসে পুলিশের মনোবল ফিরেছে, অপরাধ দমনে পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৬, ১৪:০৬
PostImage

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী এখন পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর মনোবল ও সামগ্রিক অবস্থা ছিল ভঙ্গুর। তবে গত ছয় মাসে সেই পরিস্থিতির উন্নতি ঘটেছে।

তিনি বলেন, “পুলিশ বাহিনীসহ সকল শৃঙ্খলা বাহিনীকে যে ভঙ্গুর অবস্থায় পেয়েছিলাম, এই ছয় মাসের মধ্যে তাদের অবস্থার উন্নতি করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট হয়েছে।” সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সাফল্যের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে।

তার ভাষ্য, কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর এমন কোনো ঘটনা নেই, যেখানে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি বা তাদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। এটিকে তিনি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।

রংপুরের একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনায় যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। জাতীয়ভাবে আলোচিত কিংবা কম আলোচিত—সব ধরনের অপরাধের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, অপরাধীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। কোথাও কোথাও সমাজের চাহিদা অনুযায়ী দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রেও সহযোগিতা করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামের শান্তি, ন্যায়বিচার ও সাম্যের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিশ্ববাসী যদি ইসলামের শান্তির বাণী ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে, তাহলে যুদ্ধ-বিগ্রহ, অন্যায় ও সামাজিক বিশৃঙ্খলা অনেকাংশে দূর করা সম্ভব। তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) এবং তাঁর সাহাবিদের জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে।