বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে মুহাম্মদ কাদের গনি চৌধুরী নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, কাদের গনি চৌধুরীকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করতে হবে।
তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।