সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আলোচনা চলার মধ্যেই দুই দেশের গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিএনপি-নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে, যা বিভিন্ন খাতে সার্বিক সহযোগিতা এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া তিনি অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের প্রসঙ্গও উল্লেখ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এবং তিনি অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন।
সাক্ষাতের শেষ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম এল-খেরেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।