বাংলাদেশ আর কখনো কারও কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হচ্ছে। এতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে?
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে। তার মতে, এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার একটি বিষয়। চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। কোনো দেশের কাছে বাংলাদেশ মাথানত করবে না। উল্লেখ্য, প্রায় এক বছর আলোচনার পর গত ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কায় এই প্রতিরক্ষা চুক্তিতে সই করেন।
মুসলমানদের পবিত্র শহর মক্কায় চুক্তিটি হওয়ায় এর কৌশলগত গুরুত্বের পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা চলছে।