খেলা

আর্জেন্টিনার খেলোয়াড়দের নিষেধাজ্ঞা কার্যকরে ফিফার ছাড়

detaillogo
ডেস্ক নিউজ
২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৩
PostImage

আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার ওপর দেওয়া নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে ছাড় দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।


২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জেরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার ওপর দেওয়া নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে ছাড় দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএ জানিয়েছে, তারা ফিফার কাছে আবেদন করেছিল—নিষেধাজ্ঞাপ্রাপ্ত খেলোয়াড় ও কর্মকর্তাদের শাস্তি জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির প্রীতি ম্যাচ এবং কনমেবল আয়োজিত আনুষ্ঠানিক ম্যাচে কার্যকর করার অনুমতি দেওয়া হোক। সেই আবেদনে সম্মতি দিয়েছে ফিফা।


গত ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এরপর মাঠে সৃষ্ট পরিস্থিতির জেরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফিফা। তাদের মধ্যে লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের টেকনিক্যাল স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।


খেলোয়াড় ও কর্মকর্তাদের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে বিভিন্ন ঘটনায় মোট ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য ফিফার শৃঙ্খলাবিধির একাধিক ধারায় এই জরিমানা করা হয়।


এদিকে শাস্তির অংশ হিসেবে ঘরের মাঠে আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচে দর্শকসংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তও বহাল রয়েছে।

ফিফার সর্বশেষ সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত খেলোয়াড়দের শাস্তি জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির প্রীতি ম্যাচ কিংবা কনমেবলের আনুষ্ঠানিক ম্যাচে কার্যকর করার সুযোগ তৈরি হলো। ফলে আর্জেন্টিনার জন্য আন্তর্জাতিক সূচি ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি ফিরতে পারে।