তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা, যা এতদিন ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা।
রোববার (৪ অক্টোবর) এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন এ দাম সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি, জাহাজ ভাড়া এবং এলপিজি পরিবহনে ব্যবহৃত যানবাহনের ডিজেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
এদিকে গত দুই সপ্তাহ ধরে এলপিজির বাজারে অস্থিরতা চলছে। দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত থাকলেও তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করার অভিযোগ পাওয়া যায়।
রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ৫টি কোম্পানি গত ২২ সেপ্টেম্বর থেকে এলপিজি বিক্রি প্রায় বন্ধ করে দেয়। নতুন দামে বিক্রির জন্য তারা হাজার হাজার টন এলপিজি মজুত করে রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টে দেশে ১ লাখ ৫৮ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। সেপ্টেম্বরে আমদানি হয়েছে ১ লাখ ৫৬ হাজার টন। ফলে দেশে এলপিজির ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।