ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মালিকানা জনগণ ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার পবিত্র ঈদুল ফিতর-এর নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এবং পরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ ভিন্ন মাত্রা পেয়েছে। তিনি উল্লেখ করেন, “আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, নির্বাচনের পর তা অনেকাংশে ফিরে পেয়েছি।”
তিনি আরও বলেন, মানুষ মুক্ত পরিবেশে না থাকলে ঈদের আনন্দ পূর্ণভাবে উপভোগ করতে পারে না। বর্তমান পরিস্থিতিতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও চলাফেরা করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ যেন তাদের সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে এবং এই পরিবেশ অব্যাহত থাকে।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ যেন জাতি-ধর্ম নির্বিশেষে সবার মাঝে অব্যাহত থাকে। তিনি সবাইকে ঈদ মোবারক জানান।
এমআর//