বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা কার্যক্রম সচল রাখতে নতুন সময়সূচি চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ৬ দিনের ক্লাসের মধ্যে ৩ দিন সরাসরি (অফলাইন) এবং বাকি ৩ দিন অনলাইনে পাঠদান পরিচালিত হতে পারে।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব জি. এম. ফারহান ইসতিয়াক জানান, শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির চাপ কমাতে ‘অল্টারনেট ডে’ বা একদিন পরপর ক্লাস নেওয়ার প্রস্তাবেও আলোচনা হয়েছে। উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন।
তিনি আরও জানান, অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠদান পরিচালনা করতে হবে। মূলত জ্বালানি সাশ্রয় এবং শিক্ষাব্যবস্থাকে সচল রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক জ্বালানি সংকট বিবেচনায় রেখে শিক্ষা কার্যক্রম চালু রাখতে এই পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে মহানগর এলাকায় যাতায়াতজনিত জ্বালানি খরচ কমানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এ প্রস্তাবটি উত্থাপন করা হবে
এমআর//