দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রমে সরকারকে সহযোগিতা করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, এখন থেকে ঢাকাসহ সারাদেশের দোকান, শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির মতে, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে চাপ কমানো এবং জাতীয় স্বার্থে সাশ্রয় নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে জরুরি সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সেবাদানকারী দোকান এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে। ফলে এসব প্রতিষ্ঠান স্বাভাবিক সময় অনুযায়ী খোলা রাখতে পারবে।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে ব্যবসায়ী সংগঠনের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এমআর//