সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনায় দেওয়া সুদমুক্ত ঋণ সুবিধা বন্ধ করেছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা-এর চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় সংসদ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০’ অনুযায়ী উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি ক্রয়ের সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তের ফলে এ সুবিধা আর বহাল থাকছে না।
নীতিমালায় আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য মাসে ৫০ হাজার টাকা ভাতা এবং প্রতি বছর ১০ শতাংশ অবচয় সুবিধাও পেতেন।
সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ, সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ, সেমিনার ও কনফারেন্স ব্যয় ২০ শতাংশ এবং ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার বলছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় সংকোচনের মাধ্যমে রাষ্ট্রীয় খরচ নিয়ন্ত্রণে আনতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।